পিরোজপুরের তিনটি আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নৌকার প্রার্থীসহ ৬ জন

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে বিভিন্ন দলের ছয় জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রবিবার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

তিনি বলেন, ‘ছয় জন প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে তাদের বাদ দেওয়া হয়েছে।’

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পিরোজপুর-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জাকের পার্টির মো. ফরহাদ আহম্মেদ, জাসদের সাইদুল ইসলাম ডালিম, পিরোজপুর-২ আসনে জাকের পার্টির মো. ফয়সাল আহম্মেদ, আওয়ামী লীগের কানাই লাল বিশ্বাস, পিরোজপুর-৩ আসনে জাকের পার্টির চন্দ্র শেখর ওঝা ও আওয়ামী লীগের মো. আশরাফুর রহমান। এর মধ্যে দুই নৌকার প্রার্থী সরে দাঁড়ানোর কারণ আসনগুলো মহাজোটের শরিক জাতীয় পার্টিকে (জেপি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কানাই লাল বিশ্বাস বলেন, আওয়ামী লীগের সাতটি আসন শরিক দলকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে পিরোজপুর-২ আসনটিও রয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনা রাজনীতির বৃহৎ স্বার্থে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে সিদ্ধান্ত দেবেন আমি তা মেনে নেবো।