পানিসম্পদ প্রতিমন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে নির্বাচনি প্রচারণা বন্ধ

বরিশাল-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের সহধর্মিণী লায়লা শামিম আরার (৬৯) মৃত্যুতে নির্বাচনি প্রচারণা বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোররাতে ভারতের চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাহিদ ফারুক শামীম বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর আসনের সংসদ সদস্য।

মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন জানান, প্রতিমন্ত্রীর স্ত্রী লায়লা শামীম আরা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তার মৃত্যু হয়। মরহুমার সঙ্গে তার ছেলে রয়েছেন।

তিনি আরও জানান, শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে মরহুমার লাশ ঢাকায় পৌঁছবে। তবে জানাজা ও দাফনের স্থান এখনও নির্ধারিত হয়নি।

মামুন বলেন, ‘লায়লা ভাবির মৃত্যুতে জাহিদ ফারুক শামীমের নির্বাচনি প্রচারণার শিডিউল পরিবর্তন হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত নগরী থেকে শুরু করে সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ এবং উঠান বৈঠকের সিদ্ধান্ত ছিল। তা বাতিল করা হয়েছে। সন্ধ্যায় গাড়িযোগে ঢাকায় যাবেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আগামীকাল সকালে শাহজালাল বিমানবন্দরে লাশ গ্রহণ করবেন প্রতিমন্ত্রী। সেখান থেকে লাশবাহী গাড়ি ঢাকার বাসভবনে নেওয়া হবে।’

এদিকে প্রতিমন্ত্রীর সহধর্মিণীর মৃত্যুর খবর পেয়ে নগরীর করিমকুটির এলাকায় তার বাসভবনে ছুটে যান আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, তার স্ত্রী লুনা আব্দুল্লাহ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।