বসতবাড়ি ফিরে পেতে অভিযুক্তদের ছবি দিয়ে বিএনপি নেতার ফেস্টুন

‘দখল হয়ে যাওয়া’ বসতবাড়ি ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরজুড়ে সাঁটানো বিএনপি নেতার ফেস্টুন নিয়ে আলোচনার ঝড় উঠেছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল থেকে দৃশ্যমান হওয়া বিদ্যুতের খুঁটির সঙ্গে উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক মো. খলিলুর রহমান চুন্নু আকনের সাঁটানো ফেস্টুনের লেখা পড়তে জড়ো হতে দেখা গেছে সাধারণ মানুষকে।

বিএনপি নেতা চুন্নু আকনের দেওয়া ফেস্টুনের ওপরের বাঁ পাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ছবি রয়েছে। ডান পাশে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের ছবি।

ফেস্টুনের মাঝখানে তার বসতবাড়ির জমি দখলে অভিযুক্ত হিসেবে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান তালুকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি স্বপন হাওলাদারের ছবি দেওয়া হয়েছে। ফেস্টুনের নিচে ভুক্তভোগী হিসেবে ছবি রয়েছে মো. খলিলুর রহমান চুন্নু আকন ও তার ছেলে মো. হারুন আকনের।

ফেস্টুনটিতে লেখা রয়েছে বিএনপির সাবেক দফতর সম্পাদক মো. খলিলুর রহমান চুন্নু আকনের বসতবাড়ি জানমালসহ নারীদের ওপর অমানবিক নির্যাতনের মাধ্যমে রাতের আঁধারে অভিযুক্তরা জোরপূর্বক দখল ও লিখিত দলিল করে নেন। বসতবাড়ি ফেরত পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহায়তা এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে খলিলুর রহমান চুন্নু আকন গণমাধ্যমকে বলেন, ‘ক্ষমতার দাপটে জোরপূর্বক নামমাত্র মূল্য দিয়ে আমার বসতবাড়ি দখল করে নিয়েছেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুব ও তার সহযোগীরা। আমি অচিরেই এ নিয়ে সংবাদ সম্মেলনসহ আইনের আশ্রয় নেবো।’ 

অভিযোগের বিষয়ে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসানের কোনও বক্তব্য পাওয়া যায়নি।