পাশের বাড়ির রোগী দেখে ফিরে এসে ছেলের ঝুলন্ত মরদেহ পেলেন বাবা-মা

পটুয়াখালীর মহিপুরে গলায় ফাঁস দেওয়া রবিউল ইসলাম (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মনসাতলী গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনার ঘটে। রবিউল ডালবুগঞ্জের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সঙ্গে খাবার শেষে ঘুমানোর জন্য রবিউল তার রুমে প্রবেশ করে। এ সময় তার বাবা ও মা পাশের বাড়িতে রোগী দেখতে যায়। এরপর সবার অগোচরে গলায় গামছা বেঁধে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রবিউল। পরে তার বাবা-মা বাড়িতে ফিরে রবিউলকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়।

পারিবারিক কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এলাকাবাসী।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর পাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’