বিস্ফোরণে ঘরের দরজা-জানালা উড়ে খালে পড়েছে, ৩ জন আহত

বরিশাল নগরীর দরগাহবা‌ড়ি মসজিদ সংলগ্ন তিনতলা ভবনে বিস্ফারণে একই পরিবারের তিন জন আহত হয়েছেন। আহতদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন- নিরাপত্তা কর্মী মা‌নিক, তার ছেলে মৃদুল ও তার স্ত্রী। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

বুধবার (১৫ এপ্রিল) ভোরে আকস্মিক বিস্ফারণে ভবন‌টির নিচতলার দরজা জানালা উড়ে গেছে। স্থানীয়রা এটি সিলিন্ডার বিস্ফারণে হয়েছে বলে অনেকে দাবি করেছেন। সিলিন্ডার বিস্ফারণে এতে বড় ক্ষতি হতে পারে কি না তা খতিয়ে দেখা দরকার বলেও এলাকাবাসী জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেনসহ একাধিক ব্যক্তি বলেন, তিনতলা ভবনের নিচতলায় ভোর ৬টার দি‌কে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পাই। বিস্ফোরণের কারণে ওই ভবনের নিচতলার দরজা, জানালা ভেঙে পার্শ্ববর্তী খালে পড়েছে। এতে সব রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বাসায় থাকা তিন জনকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তারা আরও বলেন, সিলিন্ডার বিস্ফারণে এতটা ক্ষতি হতে পারে না। ব্যাপক ক্ষতি হওয়ায় বিস্ফারণে দরজা, জানালা, গেট উড়ে গিয়ে খালে পড়েছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ঘটনাস্থলে সি‌টিএস‌বি ও পুলিশের দু‌টি টিম রয়েছে। বিস্ফারণে মা ও ছেলে আহত হয়েছে। তবে তাদের অবস্থা কী তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা বিষয়‌টি খতিয়ে দেখছেন।