যশোরে এক ইউনিয়ন বিএনপি নেতার বাড়ি থেকে অবিস্ফোরিত দুটি ককটেলসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে শিমুল হোসেনের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। চিরকুটে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
শিমুল হোসেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছেন। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শিমুল হোসেন বলেন, শুক্রবার সকালে বাড়ির উঠানের এক পাশে লাল টেপে মোড়ানো জর্দার কৌটার মতো দুটি বস্তু দেখতে পান তিনি। কাছে গিয়ে সেগুলো ককটেলসদৃশ মনে হলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বস্তু দুটি উদ্ধার করে। সেগুলোর পাশেই একটি চিরকুট পাওয়া যায়। এতে তাকে হত্যার হুমকিসহ বিভিন্ন গালিগালাজ লেখা ছিল বলে জানান তিনি।
শিমুল হোসেনের অভিযোগ, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে ককটেল ছুড়ে মারে। তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই এ কাজ করেছে। দুর্বৃত্তরা আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিবি পুলিশের একটি দল, কোতোয়ালি থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুটি বস্তু ও একটি চিরকুট উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে।
এদিকে খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে যশোর শহরের আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে মুজিব সড়কের পুরোনো আদালত ভবনের সামনে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে করে কয়েকজন এসে এসব ককটেল ছুড়ে পালিয়ে যান। বিস্ফোরণের সময় বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের একটি সূত্রের দাবি, এসব বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে।