বরিশাল সিটি করপোরেশন

অনলাইন সেবায় মিলবে বিশুদ্ধ পানি, অভিযোগ জানালে সমস্যা সমাধান

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১টার দিকে সিটি কপোরেশনের সভাকক্ষে পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবা কার্যক্রম উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এর মাধ্যমে নগরবাসী এখন ঘরে বসেই তাদের পানির বিল পরিশোধসহ যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। 

বিল পরিশোধের সঙ্গে সঙ্গে পানি নিয়ে কোনও সমস্যা থাকলে তা অনলাইনের মাধ্যমে জানাতে পারবেন। এতে করে দ্রুত সময়ের মধ্যে সেবা দেওয়া এবং গ্রাহকের ভোগান্তি লাঘব হবে।

প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‌‘অনলাইন সেবা কার্যক্রম শুধুমাত্র গ্রাহকের বিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একজন গ্রাহক প্রতি মাসের বিল পরিশোধ করবেন। একইসঙ্গে পানি পাওয়া নিয়ে কোনও সমস্যা থাকলে সে বিষয়টি অনলাইনের মাধ্যমে আমাদের জানাতে পারবেন। যেসব এলাকায় পানির সমস্যা রয়েছে, তারা অনলাইনের মাধ্যমে জানানোর পর দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশনের মূল লক্ষ্যই হচ্ছে নগরবাসীর সেবা প্রদান করা। আমি ওই জায়গাটা নিশ্চিত করতে চাই। এজন্য নগরবাসী সহায়তা চাই। দ্রুত সময়ের মধ্যে সিটি করপোরেশনের প্রত্যেকটি বিভাগকে অনলাইন সেবার আওতায় আনা হবে। এরই মধ্যে ট্রেড লাইসেন্স, প্ল্যানিং, জন্ম, মৃত্যু নিবন্ধন, নাগরীর সনদপত্র, হাটবাজার ইজারাসহ সবকিছু অনলাইন সেবার আওতায় আনা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো রেজাউল বারী, প্রধান রাজস্ব কর্মকর্তা মো রায়হান উজ জামান, সচিব রুম্পা সিকদার, পানি সরবরাহ শাখার প্রধান প্রকৌশলী ওমর ফারুক। 

৫৮ বর্গ কিলোমিটার বরিশাল নগরীতে পাঁচ লাখ মানুষের জন্য সুপেয় পানির চাহিদা রয়েছে সাড়ে সাত কোটি ২০ লাখ লিটার। সিটি করপোরেশন সরবরাহ করতে পারছে সাড়ে তিন কোটি লিটার। বাকিটা ঘাটতি থাকছে।