লক্ষ্মীপুরের রামগতিতে হাতপাম্পে চাপ না দিলেও এক সপ্তাহ ধরে স্বয়ংক্রিয়ভাবে নলকূপ থেকে পানি বের হচ্ছে। শুধু পানি নয়, এর সঙ্গে নির্গত হচ্ছে গ্যাসও। নলকূপের মুখে আগুন ধরালে তা দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। ব্যতিক্রমী এ ঘটনা দেখতে নলকূপটির পাশে ভিড় করছেন আশপাশের এলাকা ও দূরদূরান্ত থেকে আসা কৌতূহলী মানুষ।
ঘটনাটি ঘটেছে উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আদর্শ রুপালি কলোনিতে। স্থানীয় বাসিন্দা আবদুল্যাহর বাড়ির নলকূপ থেকে এভাবে পানি ও গ্যাস বের হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্যাহর বাড়িতে নতুন নলকূপ স্থাপনের পর থেকেই পানি ওঠা নিয়ে সমস্যা হচ্ছিল। একপর্যায়ে নলকূপটি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে এরই মধ্যে হঠাৎ এক সপ্তাহ আগে নলকূপের পাইপ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানি বের হতে শুরু করে। পানির সঙ্গে গ্যাসও নির্গত হতে থাকে।
নলকূপের মালিক আবদুল্যাহ বলেন, দুই মাস আগে বসতঘরের সামনে নলকূপটি স্থাপন করেন তিনি। কিন্তু স্থাপনের পর থেকে চাহিদা অনুযায়ী পানি পাওয়া যাচ্ছিল না। নলকূপটি অন্যত্র সরিয়ে নেওয়ার আগেই হঠাৎ এক সপ্তাহ ধরে এটি থেকে নিজে থেকেই পানি বের হতে শুরু করে। বর্তমানে নলকূপের মুখ দিয়ে ঝরনার মতো পানি বের হচ্ছে। একই সঙ্গে গ্যাসও নির্গত হচ্ছে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর আশপাশের এলাকা ও চরাঞ্চল থেকে শত শত মানুষ এটি দেখতে আসছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উপকূলীয় রামগতি অঞ্চলে ভূগর্ভে গ্যাসের স্তর থাকতে পারে। তাই বিষয়টি দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে নলকূপটির আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী তানভীরুল ইসলাম বলেন, শুকনো মৌসুমে সাধারণত ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে পানির স্তর ওপরে উঠে আসে। এ সময় ভূগর্ভ থেকে পানির চাপ তৈরি হওয়ায় চাপ ছাড়াই নলকূপ দিয়ে পানি বের হতে পারে। তবে পানির সঙ্গে গ্যাস নির্গমনের কারণ খতিয়ে দেখা হবে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে।