পটুয়াখালীতে জেলা পরিষদের হিসাব রক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা

পটুয়াখালীপটুয়াখালী জেলা পরিষদের হিসাব রক্ষক জয়দেব চন্দ্র বলকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগ নেতা আতিকুর রহমান পারভেজ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা পরিষদের হিসাব রক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
জানা যায়, পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী আতিকুর রহমান পারভেজ ঠিকাদারী কাজের বিল নিতে হিসাব রক্ষকের কক্ষে যান। এ সময় জয়দেব হাতে কাজ আছে জানালে পারভেজ ক্ষিপ্ত হয়ে স্টাপলার মেশিন দিয়ে চোখে এবং পেপার ওয়েট দিয়ে মাথায় আঘাত করায় জয়দেব গুরুত্বর আহত হন। এমনকি ফাইলপত্রও মেঝেতে ছুঁড়ে ফেলেন পারভেজ। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা জয়দেবকে উদ্ধার করে হাসাপতালে নিয়ে যান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন,  মৌখিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ দেওয়া হবে।
আতিকুর রহমান পারভেজ বলেন, এক লাখ টাকার উন্নয়নমূলক কাজের বিল করার জন্য গেলে জয়দেব ঘুষ দাবি করায় তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। তবে মারধরের কোনও ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মৌখিক অভিযোগ পেয়ে পারভেজকে আটক করার চেষ্টা চলছে।
/এসএনএইচ/