বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৫ জন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলেসহ এফবি বরকত নামে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে কুয়াকাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

পরে রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ জেলেদের মধ্যে আট জনকে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলার উদ্ধার করেছে। এখনও পাঁচ জেলে নিখোঁজ।

সোমবার দুপুরের দিকে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাগরের গভীরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যায়।

নিখোঁজ পাঁচ জেলের মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন বেলাল, নুর আলম ও ইব্রাহিম। সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে পাথরঘাটা মৎস্য মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দুপুরের দিকে বাবুল মাঝি মোবাইলে ট্রলার ডুবির ঘটনাটি জানায়, এরপর থেকে আমরা কারো সাথে যোগাযোগ করতে পারিনি। তবে আমরা পাথরঘাটা থেকে একটি ট্রলার তাদের উদ্ধারের জন্য পাঠিয়েছি।

বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবে পাথরঘাটার পাঁচ জেলে নিখোঁজের বিষয়টি শুনেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।