পটুয়াখালীর বুড়াগৌরাঙ্গ নদীতে মাছ শিকারের সময় জেলে ট্রলারে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া এলাকায় বুড়াগৌরাঙ্গ নদীতে মাছ শিকারের সময় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁনের ছেলে ইমন খাঁন (২২) ও একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।
জানা গেছে, সুমন খাঁনের মালিকানাধীন ট্রলারটিতে তার ভাই ইমন খাঁনসহ পাঁচ জন জেলে মাছ শিকারের জন্য নদীতে যান । নদীতে জাল ফেলে ট্রলারে সেখানেই অবস্থান করছিলেন তারা। বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ বজ্রাঘাতে ট্রলারে থাকা পাঁচ জনই আহত হন। পাসের জেলেরা তাদেরকে দ্রুত উদ্ধার করে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইমন খাঁন ও শাকিব শিকদারকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। অন্যদের চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সাইদুল প্যাদা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত অবস্থায় ইমন খাঁন ও শাকিব শিকদারকে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে তাদের দুই জনের মৃত্যু নিশ্চিত হওয়া যায়।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। জেলেদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’