বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহীদ, সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের বাসিন্দা মুত্তাকিন। তিন জনই এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং তারা বন্ধু বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার বলেন, ‘ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়েন। মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এরপর বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। মহাসড়কের ওপর লাশ পড়ে থাকতে দেখে বাসের চালক ও হেলপার পালিয়ে যান। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে যানজট নিরসন করে। এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোটরসাইকেলের চালক বিপরীতগামী বাসের চালক; উভয়েরই দোষ ছিল। দ্রুতগতিতে এসেছিল দুটি যান। ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মারা যান। বাসের চালক-হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছেন। যাত্রীদের বিকল্প বাসে গন্তব্যে পাঠানো হয়। লাশ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’