মহাসড়কে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত অবস্থায় ট্রাকচালক সজীব (৩০) এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন। এর আগে তিনি সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ফতেহপুর এলাকায় এসআরবির একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। কাভার্ডভ্যানটি থামার পর পেছন থেকে আসা একটি ট্রাক সেটিতে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দায়িত্ব পালনরত এসআরবি সদস্য মো. আলমগীর হোসেনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকচালক মো. সজিবও আহত হন।

সহকর্মীরা আলমগীর ও ট্রাকচালককে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। সজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নোমান বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআরবি-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। চট্টগ্রামের এসআরবি কার্যালয়ে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।