পিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরপিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত স্কুলছাত্র কাইউম শেখ সোমবার রাতে খুলনায় আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত কাইউম পিরোজপুর শহরতলীর কুমারখালী এলাকার ইউনুস শেখের ছেলে। কাইউম পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার (১৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা থেকে একদল সন্ত্রাসী কাইউমকে ডেকে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বের গলিতে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে ফেলে রাখে।
নিহতের চাচা জালাল শেখ জানান, স্থানীয়রা কাইউমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে পাঠালে সোমবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল করিম সরদার বলেন, কাইউম আমাদের এ বিদ্যালয়ের ছাত্র। তবে অনেক দিন ধরে সে বিদ্যালয়ে আসে না।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদুজ্জামান বলেন, কাইউম নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে  কেউ কোনও মামলা দায়ের করেনি। মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

শিবালয়ে সমর্থকদের হামলায় সমর্থক আহত

/এআর/