বাবার পাশ থেকে ঘুমন্ত শিশু উধাও, দুই দিন পর খালে মিললো বস্তাবন্দি মরদেহ

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী এক শিশু বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে আল আমিনের বসতবাড়ির পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে ঘরের মধ্যে ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন রাসেল। এ সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন। সকাল ৬টা ১০ মিনিটের দিকে ঘুম থেকে জেগে রাসেল তাদের ঘরে রুমানার বোনের স্বামী আল আমিনকে দেখতে পান। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে শিশুটিকে আর পাওয়া যায়নি।

পরিবারের দাবি, পারিবারিক বিরোধের জেরে আল আমিন শিশুটিকে হত্যা করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই আল আমিনসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করেন রুমানা। এর আগে বৃহস্পতিবার দুপুরে আল আমিনকে গ্রেফতার করে পুলিশ।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।