সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মিন্টু সেরনিয়াবাত সেরাল গ্রামের মৃত ফজলুল হক সেরনিয়াবাতের ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে সড়কে মিছিলের প্রস্তুতি নেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি মিন্টু সেরনিয়াবাত।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।