লক্ষ্মীপুরে খোরশেদ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় ইটভাটায় মাটি সরবরাহ করতেন। মাটি ব্যবসার দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। খোরশেদ ওই এলাকার খান বাড়ির রুহুল আমিনের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তার লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের স্ত্রী মুক্তা জানান, তার স্বামী মাটি ব্যবসার সঙ্গে জড়িত। মাটি ব্যবসা নিয়ে স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে ওই গ্রুপটি তার স্বামীকে হুমকি দিত। তারাই তার স্বামীকে গুলি করে হত্যা করেছে। তারাও এখন নিরাপদ নয়। তাদেরকেও হত্যার শঙ্কা করছেন তিনি।
তবে কারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাননি তিনি।
সদর হাসপাতাল সূত্র জানায়, খোরশেদ আলমের বুকে গুলির চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।
সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে। তার লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করা শুরু করেছে। আশা করি, দ্রুত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।