৬ ঘণ্টা ধরে ঘিরে রাখলো প্রশাসন-পুলিশ-এসআরবি, শেষে পাওয়া গেলে ৯ ককটেল

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী পরিত্যক্ত স্থান থেকে নয়টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (১ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে পরিত্যক্ত স্থান থেকে নয়টি ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ওই স্থানে ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবি ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে রাখে। পরে বেলা ২টার দিকে এসআরবি খুলনা-৬-এর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘এসআরবি খুলনা-৬-এর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো এখানে কীভাবে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’