পিরোজপুরে ছাত্র নিহতের ঘটনায় দুই কিশোর গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিপিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আশিকুজ্জামান কাইউম হত্যার ঘটনায় ২৩ কিশোরকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় তুর্য ও আনান নামে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে পিরোজপুর সদর থানায় মামলাটি করেন ওই ছাত্রের বাবা ইউনুস শেখ।
মামলায় ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
নাম উল্লেখ করা অভিযুক্তরা হচ্ছে- জিদনী (১৬), অর্ঘ্য (১৬), তুর্য (১৫), আনান (১৫), জিহাদ (১৬), অনিক (১৪), মিজান (১৫) এবং সোহেল (১৬)।

নিহতের পরিবারের অভিযোগ, গত রবিবার বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা থেকে সন্ত্রাসীরা আশিকুজ্জামান কাইউমকে ডেকে পার্শ্ববর্তী টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশের গলিতে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।  গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কাইউমের মৃত্যু হয়।

আরও পড়ুন: Untitledসাংবাদিক প্রবীর সিকদারের মামলা সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালে স্থানান্তর

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন, মামলার এজাহারভুক্ত আসামি তুর্য ও আনানকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

 

/এসএনএইচ/টিএন/

আপ: এইচকে