পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। একই রাতে একটি ইউনিয়ন পরিষদ ভবনেও আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে ইউনিয়ন পরিষদের হলরুমে রাখা টিসিবির পণ্যসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার শাখারিকাঠী ইউনিয়ন পরিষদ ও কবিরাজবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে।
নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম দুটি স্থানে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাখারিকাঠী ইউনিয়ন পরিষদে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে কবিরাজবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।
স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে কবিরাজবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় মোস্তফা মাঝির মালিকানাধীন পাঁচটি দোকানে আগুন জ্বলতে দেখেন তারা। পরে নাজিরপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি, মনিহারি, গাড়ির যন্ত্রাংশের দোকান ও একটি গ্যারেজ রয়েছে।
অন্যদিকে, শাখারিকাঠী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনির মোল্লা জানান, রাত পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদের হলরুমে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে হলরুমে রাখা টিসিবির পণ্যের কয়েকটি বস্তা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া হলরুমের দরজা, জানালা ও বেঞ্চ পুড়ে যায়।
তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের ওই হলরুমে ৯০০ সুবিধাভোগীর মধ্যে বিতরণের জন্য চাল, ডাল ও তেল মজুত রাখা হয়েছিল।