সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

পিরোজপুরের নাজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এবং উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে। শ ম রেজাউল করিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০-৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় অবস্থিত শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর আধঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলা সদরে থাকা তার অপর বাড়িটিতেও একইভাবে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছিল। ওই বিক্ষোভের একপর্যায়ে সাবেক মন্ত্রীর বাড়ি দুটিতে হামলার ঘটনা ঘটে। তবে এতে বাড়ি দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে হামলার বিষয়ে প্রাথমিকভাবে আমার কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য ছিল না। অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’