নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়টির পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একদল দুর্বৃত্ত চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কার্যালয়টির পাশাপাশি পাশের লাকড়ির দোকানেও। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কার্যালয় ও দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিয়েছে। এতে পাশের একটি দোকানও পুড়ে গেছে। তবে ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’