বরগুনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতি করায় অ্যাফিডেভিটের মাধ্যমে ছেলে রাহাত মৃধাকে (২৫) ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ছেলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন ইদ্রিস। বিষয়টি রবিবার (২৯ নভেম্বর) জানাজানি হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। আজ বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. রফিকুল ইসলাম।
রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার ওয়াপদা সড়ক এলাকার ইদ্রিস মৃধার ছেলে। অ্যাফিডেভিটে বাবা উল্লেখ করেছেন, নিষিদ্ধ সংগঠনের রাজনীতি করার কারণে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিকভাবে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি আমি।
অ্যাফিডেভিট সূত্রে জানা যায়, ইদ্রিস মৃধার মেজো ছেলে রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বাবা বারবার রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত না হওয়ার জন্য নিষেধ করলেও রাহাত শোনেননি। উল্টো বাবার ওপর ক্ষিপ্ত হন। এ কারণে ছেলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার মর্মে অ্যাফিডেভিট করেন বাবা।
এ বিষয়ে ইদ্রিস মৃধা বলেন, ‘রাহাত আমার মেজো ছেলে। আমি রাজনীতি করি না। ছেলেকে বলেছি রাজনীতি না করতে। আমার কথা শোনেনি। ওর জন্য আমাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। ও কারও কোনও কথার তোয়াক্কা করে না। নিজের খেয়ালখুশিমতো চলে। তাই আমার বাকি জীবনের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে কোনও যোগাযোগ বা সম্পর্ক নেই, যা আমি অঙ্গীকারনামায় ঘোষণা করেছি। এখন থেকে আমার পরিবারের সঙ্গেও তার কোনও সম্পর্ক নেই।’
এ বিষয়ে রাহাত মৃধা বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। ত্যাজ্য করার পরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও কোনও সমস্যা নেই।’