জামালপুরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। মিছিলে স্লোগান দেওয়ার সময় তা শুনে ধাওয়া করেন বিএনপির নেতাকর্মীরা। ধাওয়া খেয়ে মশাল ফেলে পালিয়ে যান তারা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে জামালপুর পৌর শহরের ফিসারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জামালপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে শহরের বাইপাস এলাকা থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি ফিসারি মোড় এলাকায় গিয়ে স্লোগান দিতেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া করেন। পরে মিছিলকারীরা মশাল ফেলে পালিয়ে যান।
ওই দিন রাতেই পৌর শহরের কম্পোপুর মোড় থেকে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের ব্যানারে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি চন্দ্র এলাকার দিকে গিয়ে শেষ হয়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও দেখেছি ফেসবুকে। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’