শিগগিরই ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা দেবে চসিক

DSC_0793চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন জানিয়েছেন, ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে সিটি করপোরেশন পরিচালিত স্বাস্থ্য বিভাগে শিগগিরই সেবা কার্যক্রম চালু করা হবে। শুক্রবার সকালে নগরীর র‌্যাডিসন ব্লু চিটাগং বে-ভিউতে অনুষ্ঠিত ক্যান্সার বিষয়ক এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা জানান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ ও বিএমএ চট্টগ্রাম শাখার যৌথ উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরি ও এর ঝুঁকি প্রতিরোধে চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘ব্রেস্ট ক্যান্সার বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন’।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নগরীর বাসিন্দাদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করে রেডিওথেরাপি মেশিন আনার চেষ্টা করবো। সিটি করপোরেশন সেবাধর্মী প্রতিষ্ঠান। তাই এখানে সুলভমূল্যে সেবা পাবেন নগরবাসী। এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি মেশিনের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের কাছে ডিও লেটার দেবেন বলেও জানান তিনি।

ক্যান্সার এখন মহামারী রোগের আকার ধারণ করেছে উল্লেখ করে মেয়র বলেন, দেশে প্রতিনিয়ত বাড়ছে ব্রেস্ট ক্যান্সার রোগীর সংখ্যাও। ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপায় বের করতে হবে। সচেতনতার মাধ্যমে রোগ নিরাময় সম্ভব। অসচেতনতার কারণে মূলত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় মানুষ।  এজন্য চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এর আগে বিশেষ অতিথির বক্তব্যে বিএমএর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগটিই গত ৬ মাস ধরে ক্যান্সারে আক্রান্ত। কারণ একমাত্র রেডিওথেরাপি মেশিনটি নষ্ট। অতি দ্রুত রেডিও থেরাপি মেশিনের ব্যবস্থা করে ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবার পথ সুগম করতে তিনি সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।

পাঁচটি সেশনে বিভক্ত এই সম্মেলনে সারাদেশ থেকে সাড়ে চারশ’ চিকিৎসক অংশ নেন। বিভিন্ন সেশনে দেশ-বিদেশের ২০ জনেরও বেশি ক্যান্সার বিশেষজ্ঞ তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনে আলোচনায় অংশ নেন অধ্যাপক এম শরিফুল আলম, অধ্যাপক শেখ গোলাম মোস্তফা, অধ্যাপক কামরুজ্জামান, অধ্যাপক ডা. মোফাজ্জল হোসেন, অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: আমেরিকার কথায় দেশ চলে না: নৌমন্ত্রী

/এমও/টিএন/আপ-এআর/