থানচির দুই ইউনিয়নে নৌ চলাচল বন্ধ, আটকা পড়েছেন অর্ধ শতাধিক পর্যটক

Bandarban news pic (1)-11-6-16বান্দরবান পার্বত্য জেলার সাঙ্গু নদীতে পানি বাড়ায় থানচি উপজেলার তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আটকা পড়েছেন এখানে বেড়াতে আসা অর্ধ শতাধিক পর্যটক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে শনিবার বিকাল থেকে থানচির তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের সাঙ্গু নৌ পথে পানি বেড়ে যাওয়ায় তা বিপদজনক হয়ে পড়ে। ফলে দুর্ঘটনার আশঙ্কায় নৌ চলাচল বন্ধ করে দেন চালকরা। ফলে আটকা পড়েছেন দুই ইউনিয়নের নাফাকুম, আমিয়াকুম, রেমাক্রি, তিন্দু, বড়মদক, ছোটমদকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণে আসা অর্ধ শতাধিক পর্যটক। অন্যদিকে, স্থানীয়রাও পড়েছে বেকায়দায়।

থানচির ট্যুরিস্ট গাইড জাহিদুল ইসলাম ঈমন বলেন, নৌ পথে পানি বাড়ার কারণে নিরাপত্তার কথা ভেবেই নিরাপত্তা বাহিনী সেখানে পর্যটকদের প্রবেশ করতে দিচ্ছে না।

থানচির তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের পর্যটন স্পটগুলোতে সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় নৌ যোগাযোগের ওপর নির্ভর করতে হয় স্থানীয় লোকজন ও পর্যটকদের। গত চার বছরে রেমাক্রি ও তিন্দুতে নৌ দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং নাফাকুমে পড়ে গিয়ে এক চিকিৎসকসহ নিহত হন তিন পর্যটক। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক পর্যটক।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, নদীর তীব্র স্রোতে ও পর্যটন স্পটগুলো পাথুরে এবং পিচ্ছিল হওয়ায় নৌ যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, নৌ পথে যাতায়ত বিপদজনক হওয়ায় প্রতিবছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থানচির এই দুই ইউনিয়নে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।

 

আরও পড়ুন:

ক্রসফায়ারের মুখেও বেপরোয়া জঙ্গিরা

/বিটি/টিএন/