ব্রাহ্মণবাড়িয়ায় চার ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

B.baria

ক্রয়মূল্যের চেয়ে বেশি দাম রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় চার কাপড় দোকানিকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সড়ক বাজার ও কোর্ট রোডের কাপড়ের দোকানগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হানী।

অভিযান চলাকালে শহরের বাণিজ্যিক এলাকা সড়ক বাজারস্থ অভিজাত শাড়ি বিতান ‘ইলোরা’ ৫০ হাজার, মুক্তা ক্লথ স্টোরকে ৩৫ হাজার ও কোর্ট রোডস্থ ফ্যাশন হাউস ‘ড্যাজল’কে ৫০ হাজার এবং টপটেক্স পাঞ্জাবি হাউসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন জানান, সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে জেলা শহরের কয়েকটি অভিজাত কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে ক্রেতাদের কাছ থেকে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য অনেক বেশি রাখায় এবং ক্যাশ মেমো দেখাতে না পারায় চার কাপড় দোকানিকে জরিমানা করা হয়েছে। জনসাধারণের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নাজমুল হক, সহকারী কমিশনার (কাস্টমস্) আনোয়ার হোসেন, সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার উপস্থিত ছিলেন।

/জেবি/টিএন/

আরও পড়তে পারেন :  জায়গা দখলের অভিযোগ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে