একাধিক প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের পক্ষ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বোনাস ঘোষণা করলেও জনতা ব্যাংকের ফেনী কলেজ রোড শাখার কর্মকর্তাদের গাফিলতির কারণে ফেনীর প্রায় ৩ হাজার শিক্ষক বোনাস পাচ্ছেন না। শুধু তাই নয়, একইভাবে শিক্ষা কর্মকর্তাদের অসহযোগিতার কারণে জুন মাসের বেতন থেকেও বঞ্চিত হয়েছেন এসব শিক্ষক।
সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন জানান, সদর উপজেলার ৬৯২ জন শিক্ষক কলেজ রোড শাখার জনতা ব্যাংকে একাধিকবার ধর্ণা দিলেও ব্যাংক কর্মকর্তাদের মন গলেনি। রবিবারও ব্যাংকে গিয়ে কোনও ফল হয়নি। সোমবার ব্যাংক খোলা থাকার কথা থাকলেও শিক্ষকদের বোনাস দেওয়া হয়নি। শুধু তাই নয়, এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকরাও বোনাস থেকে বঞ্চিত হয়েছেন।
সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আলী জানান, জেলার দু’শ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষক জুন মাসের বেতন ও ঈদ বোনাস থেকে বঞ্চিত হয়েছেন। এতে করে শিক্ষকদের পরিবারে ঈদের আনন্দ নেই। পাশাপাশি তারা মানবেতর জীবনযাপন করছেন।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন জানান, শিক্ষকদের বোনাসের টাকা জনতা ব্যাংকে জমা হলেও ব্যাংক কর্মকর্তাদের কারণে শিক্ষকরা ঈদের আগে তা পাচ্ছেন না।
এ ব্যাপারে জনতা ব্যাংক কলেজ রোড শাখার ব্যবস্থাপককে একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।
জানতে চাইলে সোনালী ব্যাংক ফেনী প্রিন্সিপাল শাখার এজিএম মো. শাহাজাহান বলেন, শিক্ষকদের একাউন্ট সোনালী ব্যাংকে না থাকায় বেতন-বোনাসের ব্যাপারে তিনি কোনও ধরনের সহযোগিতা করতে পারছেন না।
আরও পড়ুন: সিলেটে ঈদের জামাতের জন্য পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল গঠন
/বিটি/আপ-এআর/