ফটিকছড়িতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪

IMG_20160805_154051চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে এক কিশোর ও এক নারী রয়েছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে নাজিরহাট পৌরসভা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। বাড়িটি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি শফিউল আজমের।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, হাটহাজারী এলাকার মান্নান মিয়া (৩৩), ফটিকছড়ি উপজেলার কুম্বার এলাকার রাশেদ (১৫) এবং শফিউল আজমের স্ত্রী সাজু আক্তার (৩৮)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে অভিযান শুরু হয়। অভিযানে দুটি লাইটগান, একটি এক-নলা বন্দুক, একটি কাঁটা রাইফেল, ১০টি কার্তুজ, একটি চাপাতি, ৩০০ রাউন্ড গুলি, ৪০০টি ইয়াবা বড়ি, কয়েক কেজি গাঁজা ও চারটি মুঠোফোন জব্দ করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা জানান, ফটিকছড়ি, সাতকানিয়া ও সীতাকুণ্ডে ব্লক রেইড চালানোর সময় পুলিশ খবর পায়, শফিউল আজমের বাড়িতে বিপুল অস্ত্র আছে। এসপি আরও জানান, ব্লক রেইডে সাতকানিয়া থেকে ৫৪ জনকে এবং সীতাকুণ্ড থেকে ২৩ জনকে গ্রেফতার করা হয়। অপরাধীকে ধরতে কোনও এলাকা ঘেরাও করে বাড়ি-বাড়ি তল্লাশি চালানোকে পুলিশের ভাষায় ব্লক রেইড বলে।

আরও পড়ুন:

গুলশান হামলার পর জঙ্গি সন্দেহে আটক ১৫৯, ঝুঁকিতে সাতক্ষীরা ও সিলেট

তনু ও লিমনের ইস্যুতে ‘বাড়াবাড়ি’ না করতে পরামর্শ এসেছিল: ড. মিজানুর রহমান

 /এআরএল/আপ-বিটি/