লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

আইন-আদালতলক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামে শামছুল ইসলাম (৩০) নামে এক কৃষককে  হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও  এক বছরের সাজা দেওয়া হয়েছে।

(আজ) মঙ্গলবার দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তালহাটি গ্রামের জয়নাল আবেদীন (৬০) ও আবুল বাশার (৫০)।

এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন আবু সিদ্দিক ও পারুল বেগম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়,১৯৯৬ সালের ২১ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দির তালহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শামছুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পাঁচ আসামির মধ্যে আছিয়া খাতুন নামে একজন রোগাক্রান্ত হয়ে মারা যায়। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ ওই রায় দেন।

নিহত শামছুল ইসলাম লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের মৃত আবুল খায়ের পাটোয়ারির ছেলে।

/বিটি/