নাফ নদী থেকে ১০ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

কক্সবাজারকক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে পৃথকভাবে দুটি নৌকাসহ বাংলাদেশি ১০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এরমধ্যে ৬ জেলেকে ফেরত দিলেও ৪ জেলেকে এখনও ফেরত দেওয়া হয়নি। সোমবার বেলা ২টা ও বিকাল ৪টার দিকে নাফ নদীর জালিয়া পাড়া ও কায়ুম খালী পয়েন্ট থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এক ঘণ্টা পর তাদের মধ্য থেকে ৬ জেলে ও ১টি নৌকা ফেরত দেয় মিয়ানমারের বিজিপি।
স্থানীয় জেলেরা জানায়, সোমবার বেলা ২টা ও বিকাল ৪টার দিকে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের জলসীমায় প্রবেশ করার অপরাধে পৃথকভাকে ৬ ও ৪ জেলেসহ ২টি নৌকা নিয়ে যায় মিয়ানমারের বিজিপি। এসব জেলেরা টেকনাফ পৌর এলাকার জালিয়াপাড়া ও সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, জেলে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর উপ-অধিনায়ক মেজর রাসেল ছিদ্দিকী মিয়ানমারের বিজিপির সঙ্গে কথা বলেছে। এরপর নৌকাসহ ৬ জেলেকে ফেরত দেয়। কিন্তু এখনও কায়ুম খালী খাল থেকে নিয়ে যাওয়া ৪ জেলে ও একটি নৌকা ফেরত দেয়নি বিজিপি। এ বিষয়ে আলোচনা চলছে বলে ও জানান তিনি।

/এআর/