মহেশখালীতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

মহেশখালীতে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদকক্সবাজারের মহেশখালীতে একডজন বন্দুক ও ৮৫টি গুলিসহ এনাম বাহিনীর দুইজন সদস্যকে আটক করেছে র‌্যাব। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর রুহুল আমিন।

আটককৃতরা হলেন মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ সেলিম (৩৫) ও একই ইউনিয়নের কালালিয়াকাটা এলাকার জাফর আহম্মদের ছেলে মো. এরশাদুল্লাহ (২৬)। তাদের মধ্যে সেলিমের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যাসহ ১২টি এবং এরশাদুল্লাহর বিরুদ্ধে অপহরণ ও ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে বলে জানান তিনি।

মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর হোয়ানকের দুর্গম পাহাড়ি এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী কর্তৃক অস্ত্র ও গুলি মজুদের খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় কেরুনতলী এলাকার এনামুল করিম বাহিনীর দুই সদস্য সেলিম ও এরশাদুল্লাহকে বেশকিছু অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি ওয়ান শুটার গান, ১০টি দেশীয় তৈরি বন্দুক, ৮৫ রাউন্ড গুলি ও ১০৬টি গুলির খোসা। আটকদের বিরুদ্ধে মহেশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান মেজর রুহুল আমিন।

জানা গেছে, এনামুল করিম হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, জবরদখল ও অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি একটি সন্ত্রাসী বাহিনীকে লালন করে এলাকায় অপকর্ম সংঘটিত করে আসছেন। আটক সন্ত্রাসীরা এনামুলের আশ্রয়-প্রশয়ে এলাকায় অপরাধ সংঘটিত করতো। আটকদের মধ্যে সেলিম হলেন বাহিনী প্রধান এনামুলের ছোট ভাই।

 /জেএইচ/