রমেল চাকমা ‘হত্যা’র তদন্ত শুরু করেছে মানবাধিকার কমিশন

রমেল চাকমা

রাঙামাটির একটি কলেজের শিক্ষার্থী রমেল চাকমা ‘হত্যা’র ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। সোমবার (১ মে) সকালে কমিটির সদস্যরা রমেলের গ্রামের বাড়ি নানিয়ারচরের বুড়িঘাটের হাতিমারা এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। কমিটি রমেলের মা-বাবা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাক্ষ্যও নিয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা বলেন, ‘রমেলের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ কমিটি তদন্ত প্রতিবেদন দেবে। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিবেদন জমা দিতে সময় আরও বেশিও লাগতে পারে।’

তদন্ত কমিটির সঙ্গে ছিলেন এএসপি (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলমসহ রাঙামাটির কোতোয়ালি ও নানিয়ারচর থানা পুলিশের কর্মকর্তারা।

পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ও নানিয়ারচর কলেজের এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমা গত ১৯ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের কারণে রমেলের মৃত্যু হয়েছে। এ অভিযোগ তদন্তে বাঞ্ছিতা চাকমাকে আহ্বায়ক করে তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করে জাতীয় মানবাধিকার কমিশন। কমিটির অন্য দুই সদস্য হলেন কমিশনের উপ-পরিচালক (অভিযোগ ও তদন্ত) এবং রাঙামাটি জেলা প্রশাসনের একজন প্রতিনিধি।

প্রসঙ্গত, দুটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় গত ৫ এপ্রিল নানিয়ারচর বাজার থেকে রমেল চাকমাকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ৬ এপ্রিল পুলিশ তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। ১৯ এপ্রিল তিনি মারা যান। তবে সেনাবাহিনী নির্যাতনের কথা অস্বীখার করেছে।

/এমএ/এসটি/