আখাউড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক

-ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন খানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) ভোরে পৌর শহরের দেবগ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ জানাতে পারেনি পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জনান, আল-আমিনের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও মামলা বা অভিযোগ নেই। বিভিন্ন অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে কী অভিযোগ বা কে অভিযোগ করেছেন জানতে চাইলে তিনি এ ব্যাপারে সঠিক কোনও উত্তর দিতে পারেননি।
প্রসঙ্গত, আল-আমিন কেন্দ্রীয় যুবলীগ নেতা ও কসবা-আখাউড়া থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক শ্যামল কুমার রায়ের সমর্থক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্যামল কুমারের পক্ষে নানা প্রচারণা চালাতেন বলে জানা গেছে।
/এআর/