বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনা তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই) সদস্যরা। রবিবার (২ জুলাই) সকালে পিবিআই চট্টগ্রাম বিভাগীয় বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জুলফিকার আলী হায়দারের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল রাঙ্গুনিয়ায় ঘটনাস্থলে যান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি একটি তদন্তাধীন বিষয় তাই প্রত্যক্ষদর্শীরা কী তথ্য দিয়েছেন এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।’ তবে আদালতের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।
প্রসঙ্গত, গত ১৮ জুন পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী বাজারে হামলার শিকার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ঘটনার তিনদিন পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম শাখার যুগ্মে-আহ্বায়ক এনামুল হক বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। স্থানীয় ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ২৬জন নেতাকর্মীকে আসামি করা হয়।
একই ঘটনায় ২২ জুন আদালতে পাল্টা মামলা দায়ের করেন স্থানীয় অটোরিকশা চালক মো. মহসিন। মির্জা ফখরুলের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় তিনি আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। ওই মামলায় স্থানীয় বিএনপির ২৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। আদালত দু’টি মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।
/এএইচ/এমও/