সীতাকুণ্ডের আরও ১২ শিশু হাসপাতালে

ফাইল ছবিজ্বর, কাশি, পাতলা পায়খানাসহ অন্যান্য উপসর্গ নিয়ে অজ্ঞাত রোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার ত্রিপুরা পাড়ার আরও ১২ শিশুকে শুক্রবার (১৪ জুলাই) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ওই পাড়ার মোট ৬৫ জন শিশু অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আজ  আরও ১২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অজ্ঞাত ওই রোগের ভয়াবহ কোনও উপসর্গ দেখা যায়নি। সামন্য জ্বর জ্বর অনুভব করায় পরিবারের লোকজন তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে আমরা তাদেরকে ভর্তি করিয়ে দিই।’

এর আগে গত বুধবার (১২ জুলাই) অজ্ঞাত রোগে আক্রান্তের বিষয়টি প্রশাসনের নজরে আসার পর চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ঘটনাস্থলে গিয়ে ৪৬ শিশুকে হাসপাতালে পাঠান। একই রোগে বৃহস্পতিবার আরও ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

সিভিল সার্জন বলেন, ‘প্রথম দিন আক্রান্ত যেসব শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের সবাই এখন অনেক সুস্থ। আমরা চাইলে তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে পারি। কিন্তু আমরা এখনও দিচ্ছি না, কারণ তারা যে রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হওয়ার পরই আমরা তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে আমাদের জানানো হয়েছে আক্রান্ত শিশুদের কাছ থেকে সংগ্রহ করা রক্ত ও প্রস্রাবের নমুনা পরীক্ষা-নিরীক্ষা করতে আরও ৫ থেকে ৭ দিন সময় লাগবে। উনারা রিপোর্ট জমা দেওয়ার পর আক্রান্ত শিশুদের হাসপাতাল থেকে রিলিজ দেব।’

ডা. আজিজুর রহমান সিদ্দিকী আরও বলেন, হাসপাতালে ভর্তি করালে অনেক টাকা পয়সা খরচ হয় এমন ধারণা থেকে আদিবাসি এই মানুষগুলো আগে হাসপাতালে চিকিৎসা নিতে আসতেন না। আগামীতে যেন তাদের মধ্যে এ ভয় না থাকে তাই আমরা তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। হাসপাতালে রোগীদের পাশাপাশি তাদের স্বজনদেরকেও পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে।

/বিএল/