‘খাবার সংকট নেই, আশ্রয়কেন্দ্র চলবে’

ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে পাহাড় ধসে নিহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ হাজার করে টাকা দিচ্ছেন জেলা প্রশাসক

রাঙামাটির আশ্রয়কেন্দ্রগুলো চলমান থাকবে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। তিনি বলেন, ‘এখন কোনও খাদ্যসংকট নেই, আশ্রয়কেন্দ্রগুলো চলবে। যেসব সমস্যা ছিল, সেগুলোর সমাধান করা হয়েছে।’

রবিবার (৬ আগস্ট) সকালে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে পাহাড় ধসে নিহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ হাজার করে টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সময় রাঙামাটির জেলা প্রশাসক এসব কথা বলেন। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য রাঙামাটিতে বড় ধরনের কোনও খাস জায়গা নেই। সেই কারণে একটু দেরি হচ্ছে। দুয়েক সপ্তাহের মধ্যে আমাদের কমিটির রিপোর্ট পাওয়া যাবে। তখন পুনবার্সন নিয়ে কাজ শুরু করা যাবে।’

অনুষ্ঠানে রাঙামাটি জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার বলেন, ‘প্রতিদিন জনপ্রতি ৮০ টাকা করে প্রয়োজন। রবিবার পর্যন্ত ছয়টি আশ্রয়কেন্দ্রে মোট এক হাজার ৩৯৬ জন অবস্থান করছেন। সেই হিসাবে সপ্তাহে প্রায় আট লাখ টাকা প্রয়োজন। আমাদের পর্যাপ্ত পরিমাণ চাল আছে, তবে টাকার সংকট আছে। যাদের বাড়ি ঝুঁকিপূর্ণ না, তাদের আশ্রয়কেন্দ্রে থাকার প্রয়োজন নেই। জনপ্রতিনিধিরা এ বিষয়ে ব্যবস্থা নিলে আশ্রয়কেন্দ্রে মানুষের সংখ্যা কিছু কমতো। আমাদের জন্যও সুবিধা হতো।’ তবে আশ্রয়কেন্দ্রের কার্যক্রম বন্ধ হবে না বলে তিনিও জানান।

/জেবি/টিআর/ 

আরও পড়তে পারেন: শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় এক ব্যক্তির ৩০ বছরের সশ্রম কারাদণ্ড