ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, গ্রেফতার তিন

চট্টগ্রামচট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যুর ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাহাড়তলী রেললাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার তিনজন কিশোর অপরাধী।

গ্রেফতারকৃতরা হলেন টিপু সুলতান (১৬), বাদশা মিয়া (১৫) ও মো. পিয়াস (১২)। 

মহিউদ্দিন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৭ আগস্ট রাতে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় গ্রেফতারকৃতরা আরিফ নামে এক যুবককে ছুরিকাঘাত করে তার পকেটে থাকা ৬০০ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। বুধবার (৩০ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এরপর পরিবার থানায় মামলা দায়ের করে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও  বলেন, মামলা দায়ের পর ডবলমুরিং থানা পুলিশ ওই এলাকায় ব্লক রেইড দিয়ে ৩২ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত এই তিনজনসহ মোট চারজনের নাম পাওয়া যায়। পরে রাতে অভিযান চালিয়ে আমরা এই তিনজনকে গ্রেফতার করি। অপরজনকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মহিউদ্দিন সেলিম বলেন, গ্রেফতার তিনজন কিশোর অপারাধী। রেল লাইনের পাশে গড়ে ওঠা বস্তিতে তারা থাকেন। তাদেরকে রেলওয়ে থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন:
নাফ নদীতে আরও ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার