ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে নবনির্মিত ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (নর্থ) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুর পৌনে একটার দিকে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন তিনি। এর ফলে জাতীয় গ্রিডে আরও ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।
ভিডিও কনফারেন্সের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন, বাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এক সাক্ষাতকারে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, গত ২০১১ সালের ১ নভেম্বর একনেকের বৈঠকে আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (নর্থ) প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরে এ প্রকল্পে অর্থায়ন করে এশিয় উন্নয়ন ব্যাংক ও ইসলামি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকার।
তিনি জানান, কয়েকদিনের মধ্যে ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল প্লান থেকে অতিরিক্ত বিদ্যুৎ যুক্ত হয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে জাতিয় গ্রিডে মোট ১৮শ’ মেঘাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে এ অঞ্চলে বিদ্যুৎ সমস্যা অনেকাংশে কমে যাবে। তিনি আরও জানান, ২০২১ সালের মধ্যে আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে জাতিয় গ্রিডে ৩ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ সংযুক্ত করার লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের সংশ্লিষ্টরা ।
আরও পড়তে পারেন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিয়ানমারের বিচার দাবি মানবাধিকার কমিশনের