নোয়াখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীনোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও অন্তত ১৮ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেবারহাট পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে চট্টগ্রামের উদ্দেশে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট থেকে রুপসী বাংলা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস রওনা হয়। বিপরীত দিকে ফেনী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে যমুনা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস যাত্রা শুরু করে। পথে সেনবাগের সেবারহাট তিন পুকুরিয়ায় পৌঁছালে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবক নিহত হন। দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন মারা যায়। আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক যুবক ও হাসপাতালে আরও দুইজনসহ তিন জন মারা গেছে। আহতদের মধ্যে এখনও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

আরও পড়ুন- টেকনাফে চার রোহিঙ্গার লাশ উদ্ধার