পুলিশের ওপর হামলা: ‘শিবির নাসিরের’ পাঁচ বছর কারাদণ্ড

সাংবাদিকের দিকে পানির বোতল ছুড়ে মারেন শিবির নাসিরপুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের মামলায় ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার নাসির উদ্দিন ওরফে শিবির নাসিরকে পাঁচ বছর তিন মাস কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বুধবার (৪ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম শফিউদ্দিন এ রায় ঘোষণা করেন। একই রায়ে দণ্ডবিধির তিনটি পৃথক ধারায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়হাদ চৌধুরী রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়হাদ চৌধুরী রনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের কাজে বাধাদান, হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির তিনটি ধারায় তাকে ওই কারাদণ্ড দেন।’

এই মামলাটি ছাড়াও নাসিরের বিরুদ্ধে নগরী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় খুন, গুমসহ প্রায় ৩৬টি মামলা আছে। এরমধ্যে কয়েকটি মামলায় ইতোমধ্যে বিভিন্ন মেয়াদে তার সাজা হয়েছে। 

আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালের ৬ এপ্রিল পুলিশ নাসিরকে গ্রেফতার করতে চট্টগ্রাম কলেজের শেরেবাংলা ছাত্রাবাস এলাকায় অভিযানে যায়। ছাত্রাবাসটির সামনে শিক্ষকদের আবাসনের পরিত্যক্ত ভবনে বাইরে থেকে তালা দেওয়া একটি কক্ষের ভেতর লুকিয়ে ছিল নাসির। এ সময় দরজা ভেঙে নাসিরকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে শিবিরের সন্ত্রাসীরা ছাত্রাবাস থেকে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পরে এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় নাসির, ইয়াকুব ও হুমায়ন নামে তিনজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ২০০১ সালের ১৭ নভেম্বর নাসিরের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। এর আগে অপর দুই আসামি ইয়াকুব ও হুমায়ন নাজিরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায়।

আরও পড়ুন:

একদিকে ফিরিয়ে নেওয়ার আশ্বাস, অন্যদিকে পুড়িয়ে মারার হুমকি