পরিবহন মালিকদের একাংশের ডাকা ধর্মঘট স্থগিত

চট্টগ্রামপুলিশি হয়রানি বন্ধসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগর ভবনে মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তারা এ ঘোষণা দেন। চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যায় নগর ভবনে মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। মেয়র মহোদয় আমাদের দাবিগুলো পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলে বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন। তার আশ্বাসেই আমরা ধর্মঘট স্থগিত করি।’ এর আগে ১১ দফা দাবিতে সংগঠনটি গত ৩ ডিসেম্বর থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল।

সিটি করপোরেশন সূত্র জানায়, চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদ ও বিআরটিএ’র  কর্মকর্তাদের যৌথসভায় সংগঠনটির ১১ দফা দাবি এবং ধর্মঘটের কারণে যে সব মামলা হয়েছে সে বিষয়ে মালিক শ্রমিক ও সরকারের যথাযথ প্রতিনিধিদের সমন্বয়ে একটি সভা আহ্বান করে সেখানে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র।

সভায় মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘মালিক শ্রমিকদের সহযোগিতায় গণপরিবহনে সুশৃঙ্খল পরিবেশ রক্ষা করতে হবে। সব দাবি আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে। জনদুর্ভোগ সৃষ্টি না করে জনগণের চাহিদা পূরণে পরিবহণ মালিকদের সচেষ্ট হতে হবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ড্রাইভার প্রশিক্ষণ কোর্স চালু করা হবে এবং যাত্রী সাধারণের সুবিধার্থে ৬৬টি স্পটে চট্টগ্রাম সিটি করপোরেশন আধুনিক সুবিধা সম্বলিত যাত্রী ছাউনি নির্মাণ করবে। অবৈধ গাড়ি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে এবং রেজিস্ট্রেশন ছাড়া কোনও সংগঠন বৈধতা পাবে না।’

সভায় বিআরটিএ’র উপপরিচালক শহীদুল্লাহ, চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের উপদেষ্টা আমজাদ হোসেন, সদস্য সচিব এস এম তৈয়ব, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি মো. মুছা, সাধারণ সম্পাদক মো. অলি আহমদ, চট্টলা পরিবহণের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন শরিফ মিজান, সিটি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ হাকিম, সিটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরুন দাশগুপ্ত ভানু, যাত্রী সেবা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা হিউম্যান হলার মালিক সমিতির সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সিটি সার্ভিস এর সভাপতি আবদুল বারেক, সিটি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।