দক্ষিণ অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আনোয়ার হোসেন ২৫ নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সময় ৭টার দিকে দক্ষিণ আফ্রিকার বেলকম শহরে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের রেজাউল হকের ছেলে।
স্থানীয় পূর্বচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে মৃতদেহ বাংলাদেশে আনার কথা রয়েছে।
নিহতের পরিবার সূত্র জানায়, আনোয়ার হোসেন ওই দিন সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে দোকানের কাউন্টারে বসার পর পরই সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আনোয়ার নিহত হয়। দাবীকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তার উপর ক্ষুব্ধ ছিল বলে তারা জানায়।
দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, তিনি বিষয়টি শুনেছে।
আরও পড়ুন: এমপি মমতাজের ভাইয়ের বাসা থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার