কক্সবাজারে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ তিন জন নিহত ও দুই জন আহত হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফের বাহারছরা শামলাপুর পুরানপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে সিএনজি চালক নুরুল আবছার (২৬) ও মৃত হাজি সিকান্দারের ছেলে ছৈয়দুল ইসলাম (৫৫)। আরেক জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তিন জনের মধ্যে চালকসহ দু’জন ঘটনাস্থলেই এবং আরেকজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ। আহত তিন জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটক বোঝাই ইনানী অভিমুখী একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৩৫২৮) মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে কক্সবাজার অভিমুখী অটোরিকশাকে ধাক্ক দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আবছার ও অজ্ঞাতনামা এক যাত্রী মারা যান। সিএনজিতে থাকা বাকি চার যাত্রিকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। সেখানে পৌঁছানোর পর পরই মারা যান ছৈয়দুল ইসলাম। বাসের হেলপারকে আটক করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুলে এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনা কবলিত সিএনজি ও বাসটি পুলিশ হেফাজতে আছে।
আরও পড়ুন: নওগাঁয় তীব্র শৈত্যপ্রবাহে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ