খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি কোনও নির্বাচনে যাবে না: রিজভী

রিজভীবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি কোনও নির্বাচনে যাবে না। সরকার বিএনপি চেয়ারপারসনকে নির্বাচন থেকে দূরে রাখতে বিভিন্নভাবে চেষ্টা করছে। কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না।’

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে ফেনীর সদর উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত অ্যাড. সৈয়দ মিজানুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের মানুষের নেত্রী। তিনি জাতীয়তাবাদী শক্তির প্রতীক। তাকে বাদ দিয়ে শেখ হাসিনা কোনও নির্বাচন বাংলাদেশে করতে পারবেন না ।

রিজভী আরও বলেন , ‘সরকার চাইছে একতরফা নির্বাচন করতে। কিন্তু বিএনপি গণভিত্তিক দল। জনগণকে নিয়েই বিএনপি নির্বাচন করবে। তাকে নির্বাচন থেকে বিচ্যুতি সরকার করতে পারবে না।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন বলেন , ‘শেখ হাসিনার অধীনে নয়, একটি সহায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবেই।’

এই সময় কেন্দ্রীয় সহদফতর সম্পাদক বেলাল আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা , উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।