শনিবার (২৭ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক দীপংকর তালুকদার এ কথা জানান।
সংবাদ সম্মেলনে দীপংকর তালুকদার জানান, পাহাড়ে প্রতিনিয়ত গুম, খুন ও চাঁদাবাজির মত বিভিন্ন অপরাধ কার্যক্রম হচ্ছে। পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের জন্য সাধারণ মানুষ জিম্মি হয়ে রয়েছে। আমাদের সকলের অবস্থান সন্ত্রাসের বিরুদ্ধে। তাই এটি কোনও দলীয় কার্যক্রম নয়। সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের লোকজনকে সঙ্গে নিয়ে নাগরিক সমাজ এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এই মহাসমাবেশের ডাক দিয়েছে।
সংবাদ সম্মেলন থেকে আগামীকালের মহাসমাবেশকে সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানান সচেতন নাগরিক সমাজের নেতারা।
মহাসমাবেশ উপলক্ষে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক দীপংকর তালুকদার শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন । এছাড়া শহর জুড়ে মহাসমাবেশ উপলক্ষে মাইকিং ও প্রচারণামূলক গণসংযোগ চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব হাজী মো. মুছা মাতব্বর, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ নাগরিক সমাজের অন্যান্য নেতারা।