লক্ষ্মীপুরে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, সড়ক যোগাযোগ বন্ধ

লক্ষ্মীপুরে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে যায়লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার-সোনাপুর সড়কে আজাদ নগর এলাকায় ভুলুয়া নদীর ওপরের বেইলি ব্রিজটি ভেঙে ইট বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এতে ওই ট্রাকের চালক ও সহকারীসহ তিন জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। এতে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইট বোঝাই ট্রাকটি রামগতির চর আলগী এলাকা থেকে নোয়াখালীর সোনাপুরে যাচ্ছিলো। ট্রাকটি আজাদ নগর এলাকায় ভুলুয়া নদীর ওপরে ব্রিজের মাঝামাঝি পৌঁছালে সেটি ভেঙে ট্রাক নদীতে পড়ে যায়। এতে চালক মো. মামুন (৩৫), তার সহকারী মো. সোহেল (৩০) ও পথচারী সিদ্দিক মাঝি (৪৫) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে লক্ষ্মীপুরের রামগতি থেকে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। বিকল্প ব্যবস্থা না থাকায় ওই সড়ক দিয়ে চলাচলকারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে বলে জানিয়েছেন তারা।