রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টা: পাসপোর্টবিহীন ১১ বিদেশি আটক

রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টার সময় ১১ বিদেশি আটককক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাসপোর্ট ছাড়া প্রবেশের সময় ১১ বিদেশি নাগরিককে আটক করেছে র‌্যাব। পরে তাদের উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন ত্রাণকেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়।
তবে আটকরা র‌্যাবকে জানিয়েছেন, তাদের পাসপোর্ট ঢাকায় অফিসে রেখে তারা রোহিঙ্গা ক্যাম্পে চলে এসেছেন।
র‌্যাব-৭ কক্সবাজার অফিসের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, আটক বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাজ্যের ২ জন, নেদারল্যান্ডেসের ১ জন, তুরস্কের ১ জন, দক্ষিণ কোরিয়ার ১ জন, জেনিয়ার ১ জন, ইতালির ২ জন, ব্রাজিলের ১ জন, বেলজিয়ামের ১ জন ও নরওয়েরের ১ জন নাগরিক রয়েছেন। তাদের কারও কাছে পাসপোর্ট নেই। এজন্য আটকদের উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবেন।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, ‘র‌্যাব ১১ জন বিদেশি নাগরিককে থানায় হন্তান্তর করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিদেশি কোনও নাগরিকের কাছে পাসপোর্ট নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’