খাগড়াছড়িতে ইউপিডিএফের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩

খাগড়াছড়িখাগড়াছড়ির জেলা সদরের স্বণির্ভর এলাকায় প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
জানা যায়, বুধবার সকালে শহরের স্বণির্ভর এলাকায় ইউপিডিএফ কর্মী অমর বিকাশ চাকমার ২২তম মৃত্যু বার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ইউপিডিএফ সদস্যরা ইটপাটকেল ও গুলি নিক্ষেপ করে। ইটের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এই ঘটনায় ইউপিডিএফের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে তাদের দাবি।
এদিকে ঘটনার পর থেকে স্বণির্ভর এলাকায় আতঙ্কিত লোকজন দোকানপাট বন্ধ করে দেয়। প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে খাগড়াছড়ির সঙ্গে পানছড়ি উপজেলা সড়ক যোগাযোগ। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
খাগড়াছড়ির সদর থানার অফিসার ইনচার্জ তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।