নিহতরা হলো ঈদগাঁ বাজার এলাকার গাজী বাড়ির জাহাঙ্গীর হোসেন গাজীর মেয়ে মরিয়ম আক্তার (৫), স্বপন ঢালীর মেয়ে শ্রাবন্তী আক্তার (৫) ও বাকের গাজীর মেয়ে বাকিয়া আক্তার (৪)।
স্থানীয়রা জানান, মেঘনা নদীর তীরে তারা প্রতিদিনের মতো গোসল করতে যায়। পাশেই ড্রেজিংয়ের কারণে তৈরি হওয়া গর্তে তারা পড়ে যায়। সেখান থেকে তারা আর উঠতে পারেনি। ফলে মৃত্যু হয় তাদের।
ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মান্নান গাজী জানান, দুপুরে গ্রামের কয়েকজন শিশু প্রতিদিনের মতো মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে নদীর পাশে বালি কাটায় সৃষ্ট গর্তে পড়ে তারা মারা যায়।
মান্নান গাজী বলেন, ‘গোসল শেষে অন্য শিশুরা বাড়িতে ফিরলেও এই তিন জন নিখোঁজ থাকে। কিছুক্ষণ পর নদীর পাশের ওই গর্তের পানিতে তাদের দেহ ভেসে উঠলে স্থানীয়রা নদীর পাড়ে তুলে আনে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘চরাঞ্চল হওয়ায় এই তিন শিশুকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। বিকালে তাদেরকে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।’